কর্পোরেট পুঁজির দৌরাত্ম্য ও ভিনদেশী সংস্কৃতির বিস্তার ঠেকাতে পাঁচটি সংগঠনের যৌথ উদ্যোগে ‘জনমানুষের বৈশাখ, শেকড়ের সংস্কৃতি’ শিরোনামে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বর্ষবরণের এ আয়োজন উদযাপিত হয়।
‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই’-গানের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে লোকসংগীতের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সমবেত নৃত্য পরিবেশন করা হয়।
সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল হোসেন, শাহীন বাউলা, শাহ জাহান ও এখলাস মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কবি ও চিন্তক ফয়েজ আলম, কবি ও কথাসাহিত্যিক জোহরা পারুল, কবি খলিল মজিদ, কবি আরণ্যক টিটো, রাজু আহমেদ মামুন, মনির ইউসুফ, গবেষক ও সংস্কৃতিকর্মী আবু সাঈদ তুলু, সাকী আনোয়ার, চঞ্চল সৈকত প্রমুখ কবি ও সাহিত্যিক সংহতি প্রকাশ করেন।
বাঙাল মেলের প্রধান সমন্বয়ক আবির বাঙালি, জনসংস্কৃতি’র প্রধান সংগঠক আবু বকর মুহম্মদ মুইনউদ্দিন, চারবাক সম্পাদক রিসি দলাই, কাব্যস্বর কর্ণধার মুরাদ হাসান এবং বাংলাদেশ বুক ওয়ার্ম এসোসিয়েশনের কর্ণধার নাহিদ বাদশাহ অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কবি ফয়েজ আলম আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ নিয়ে বলেন, পহেলা বৈশাখ মূলত বাংলাদেশের জনমানুষের অনুষ্ঠান। এই দেশের চাষী, জেলে, পেশাজীবী, খেটে খাওয়া মানুষ, শত শত বছর ধরে পহেলা বৈশাখ পালন করে যেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে শেকড়ের সন্ধানের পাশাপাশি নিজস্ব ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি আমরা।
উপস্থিত অতিথিদের পান্তা-আলুভর্তা-বাতাসা দিয়ে আপ্যায়ন করা হয়।
Total Users : 8558